1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রমকে ফলপ্রসূ করতে ভূমি মালিকদের প্রতি আহ্বান ভূমি উপদেষ্টার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রমকে ফলপ্রসূ করতে ভূমি মালিকদের প্রতি আহ্বান ভূমি উপদেষ্টার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোনো স্থান থেকে ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে এসব সেবা গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। ভূমিসেবা ক্যাম্পে কর পরিশোধ কার্যক্রমে মালিকগণ সন্তোষ প্রকাশ করেছেন, এতে করে সাধারণ মানুষ অনলাইনে সেবা গ্রহণে আরো অনুপ্রাণিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ-সহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।

সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিংয়ের আওতায় আনা হয়েছে।

তেজতুরি বাজার মৌজার যে কোন নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিংয়ের এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘ্নে ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সাথে সাথে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক-কর্তৃক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।

পরে ভূমি উপদেষ্টা অনলাইনে এলডি ট্যাক্স প্রদানকারী, ভূমি কুইজ বিজয়ী, ভূমি কর্মী ও অ্যাম্বাসেডরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তিনি নাগরিক ভূমিসেবা ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন ও আগত ভূমি মালিকদের সাথে কথা বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71