টাইমস নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের ছোট শিশুরাই একদিন দেশ চালাবে, তারা চাঁদেও যাবে। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের চালিকাশক্তি। এই শিশুদের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ে দিয়ে যাবো আমরা।
প্রধানমন্ত্রী আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় ‘এসো বঙ্গবন্ধুকে জান ‘ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও স্কুলটির শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত স্কুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ স্কুলেই চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিষয়টির প্রতি স্মৃতিকারত হয়ে প্রধানমন্ত্রী ছোট ছোট শিশুদের সঙ্গে ছবিও তুলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই একদিন আসল স্মার্ট নাগরিক হবে, তারাই দেশ চালাবে। আমাদের দেশের আজকের শিশুরা বড় হয়ে একসময় চাঁদেও পাড়ি জমাবে। এখন থেকে সবাইকে সেভাবেই প্রস্তুত হতে হবে। মন দিয়ে সবাই পড়াশোনা করতে হবে।
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে এদেশে স্বাধীনতার সত্যিকার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, যেটি ছিল দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত, কীভাবে স্বাধীনতা এসেছে। স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলোও সবার সামনে তুলে ধরতে হবে।
শেখ হাসিনা এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফাতেহাপাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করেন। দাদা শেখ লুৎফর রহমান ও দাদী শেখ সায়েরা খাতুনের কবরের পাশে গিয়েও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী আজ বিকেলে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী পিতৃভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯