টাইমসনিউজ ডেস্ক:
ইসরায়েলি বাহিনীর গাজায় বেসামরিক নাগরিক হত্যার প্রতিশোধে রোববার (৬ এপ্রিল) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড হামলার দায় স্বীকার করেছে বলে আল জাজিরা ও আরব নিউজ জানিয়েছে। তারা দাবি করেছে, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ‘বর্বর’ হামলার জবাবেই এই রকেট হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ১০টি রকেট হামলার কথা স্বীকার করেছে এবং দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বেশিরভাগ রকেট ধ্বংস করে দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণের আশকেলন শহরে একটি রকেট সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় আশকেলনের বাজিলাই হাসপাতালে অন্তত ১২ জন আহতের চিকিৎসা চলছে।
ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, একজন রকেটের টুকরোর আঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। জরুরি সেবার ভিডিও ফুটেজে শহরের রাস্তায় গাড়ির ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এটি হামলার পূর্বের চূড়ান্ত সতর্কতা বলেও জানিয়েছে সেনাবাহিনী। পরে তারা দাবি করে, গাজা থেকে রকেট নিক্ষেপের জন্য ব্যবহৃত লঞ্চারটি ধ্বংস করে দিয়েছে।
ওয়াশিংটন সফরের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রকেট হামলা সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে ব্রিফিং নিয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯