1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এনবিআরের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এনবিআরের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয়

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনের কর্মীদের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে সংস্থাটির কর্মীদের আন্দোলনের মধ্যে গতকাল রোববার এ সিদ্ধান্ত নেয় সরকার। এবার এনবিআরের সব চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকার এস.আর.ও. নং ৩১০-আইন/২০২৫ এর মাধ্যমে কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে।’

এতে আরও বলা হয়, ‘আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক বলে মনে করে।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রজ্ঞাপনে আরও বলা হয়, Essential Services (Second) Ordinance, 1958 (Ordinance No. XLI of 1958) এর section 3 এর sub-section (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস (Essential Services) ঘোষণা করা হলো।’

এর আগে গতকাল আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারিদের অনতিবিলম্বে কর্মস্থলে ফেরার নির্দেশ দেয় সরকার। নইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিবৃতি দেয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি, অনতিবিলম্বে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাবেন এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।’

এবার এনবিআরের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে সরকার। অত্যাবশ্যক পরিষেবা আইন–২০২০ অনুসারে, কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘটে অংশ নিলে বা অন্যকে প্ররোচিত করলে তাকে চাকরি থেকে বরখাস্তের বিধান রয়েছে। এ ছাড়া তাকে সর্বোচ্চ ১ বছরের দণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধানও রয়েছে আইনটিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71