
টাইমসনিউজ ডেস্ক
গণমাধ্যমকে টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সকল মতের প্রতিফলন থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এতে গণমাধ্যম সর্বজনীন ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে মত দিয়েছেন তিনি।
মঙ্গলবার খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কামাল আহমেদ একথা বলেন।
কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যমের আইন আছে। কিন্তু সেই আইন রাজনৈতিক সরকারগুলো না মানায় বর্তমান গণমাধ্যমের দৈন্যদশা সৃষ্টি হয়েছে।’
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা না থাকলে বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ কখনোই গণমাধ্যমে উঠে আসবে না। তাই গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিশ্চিতের বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পত্রিকার সার্কুলেশন, ডিএফপি ও বিজ্ঞাপন বন্টন ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। গণমাধ্যমকে টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সৎ সাংবাদিকতা ও সকল মতের প্রতিফলনও থাকতে হবে। তাহলেই গণমাধ্যম সর্বজনীন ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। এজন্য সংবাদ কর্মীদের ঐক্যের প্রয়োজন।’
আগামীতে স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যমের জন্য গণমাধ্যম কমিশনের সুপারিশ অন্তবর্তীকালিন ও পরবর্তীতে নির্বাচিত সরকার গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কামাল আহমেদ।