
টাইমসনিউজ ডেস্ক:
গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের পর যখন যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, ঠিক তখনই এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটলো।
নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন, যাদের মধ্যে তিনটি শিশুও ছিল। দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে মুওয়াসি এলাকার একটি শিবিরে ঘুমন্ত অবস্থায় বোমার আঘাতে তারা প্রাণ হারান। তাদের শোকাহত দাদি সুয়াদ আবু তেইমা কাঁদতে কাঁদতে প্রশ্ন করেন, “এই শিশুরা কী অপরাধ করেছিল?” শোকার্ত স্বজনেরা মৃতদেহগুলোর ওপর ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
শিফা হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, গাজা শহরের ফিলিস্তিন স্টেডিয়ামের কাছে অন্য এক হামলায় ১২ জন এবং নিকটবর্তী একটি ভবনে আরও ৮ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য ওই স্টেডিয়ামটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া, নাসের হাসপাতালে ২০টিরও বেশি মরদেহ আনা হয়েছে।
আল-আহলি হাসপাতালের তথ্যমতে, পূর্ব গাজা শহরের একটি সড়কের ওপর চালানো হামলায় ১১ জন এবং অন্য একটি এলাকায় আরও ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই ছিল শিশু। এদিকে, আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশপথে আরও দুজনের মৃত্যু হয়েছে।