
বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার ওই সময় অর্থসচিব ছিলেন। তার জোর সুপারিশে মতিউর সোনালী ব্যাংকের পরিচালক হয়েছিলেন- এমন আলোচনার মধ্যে এই ছবি সামনে এল…
ছাগল-কাণ্ডে দেশজুড়ে ব্যাপক আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মো. মতিউর রহমান। বিতর্কিত এই ব্যক্তির সঙ্গে বেশ সখ্যতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের, সম্প্রতি এমন তথ্য প্রকাশ পায়। এরসঙ্গে নতুন করে সামনে এসেছে গভর্নর ও মতিউরের একসঙ্গে ওমরাহ পালন করার বিষয়টি।
বুধবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আলোচিত মতিউরের একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, গভর্নরের সঙ্গে সেলফি তুলেছেন মতিউর। দুজনেই ওমরাহ করার জন্য প্রয়োজনীয় পোশাক পড়ে আছেন। তাদের গলায় ঝুলছিলো ‘বাংলাদেশ’ লেখা ফিতাযুক্ত আইডি কার্ড।
তবে গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ছাগল কাণ্ডে আলোচিত মতিউর ওমরাহ করতে গিয়ে কবে নাগাদ ছবিটি তুলেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাধারণত হজ্ব বা ওমরাহ’র মতো পবিত্র ও সংবেদনশীল ধর্মীয় কাজে খুব ঘনিষ্ঠজন ছাড়া, অন্য কারো সাথে কেউ জুটি বাঁধেন না। মতিউরের মত ব্যাপক দুর্নীতিবাজ একজন সরকারি কর্মকর্তার সাথে গভর্নর আব্দুর রউফ তালুকদারের এই ঘনিষ্টতা তাই নানা প্রশ্ন ও ব্যাপক কৌতুহলের জন্ম দিয়েছে।
ব্যাপক সমালোচনার মধ্যে মতিউর রহমানকে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তদবির করেছিলেন তৎকালীন অর্থসচিব আবদুর রউফ তালুকদার।
ছাগল কাণ্ডের মতিউর রহমানকে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তিন বছরের জন্য তাঁকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। শেখ মোহাম্মদ সলীম উল্লাহ যেহেতু মতিউর রহমানকে আগে থেকেই ভালো করে চিনতেন, সেহেতু তিনি তাঁকে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিতে রাজি ছিলেন না। কিন্তু তৎকালীন অর্থসচিব আবদুর রউফ তালুকদারের তদবির আর ফেলতে পারেননি বলেও প্রকাশ পেয়েছে।