
টাইমসনিউজ ডেস্ক
ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। এই মহান দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। যেকোনো পরিস্থিতিতে আমরা এই জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ, শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার বলেন, আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ হচ্ছে সরকারের সবচেয়ে দৃশ্যমান সংস্থা। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।