টাইমসনিউজ ডেস্ক
জনগুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন সরকারের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর। এছাড়া, তিনি প্রেস কনফারেন্স আয়োজন ও তথ্যবিবরণী প্রকাশ করার ওপর জোর দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আধুনিক জনসংযোগ কৌশল, ধারণা ও বিকাশ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণে তিনি এ আহ্বান জানান।
আধুনিক জনসংযোগ কৌশলের প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য অফিসার বলেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব হলো উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংবাদ প্রচার করা। পাশাপাশি স্ব-স্ব মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ ও উন্নয়ন কার্যক্রম-সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করাও তাদের দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এসময় প্রধান তথ্য অফিসার নিত্যপণ্যের মূল্যের নিম্নগতি, আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে জনসংযোগ কর্মকর্তাদের প্রতিবেদন প্রচারের নির্দেশনা দেন।
গুজবকে তথ্য সন্ত্রাসের সঙ্গে তুলনা করে নিজামূল কবীর বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে গুজব প্রতিরোধ করা একটি বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি স্ব-স্ব মন্ত্রণালয়-সংক্রান্ত গুজব প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
তারুণ্যের উৎসব-২০২৫ প্রসঙ্গে প্রধান তথ্য অফিসার বলেন, জনসংযোগ কর্মকর্তাগণকে গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসব উদ্যাপন-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচার করতে হবে। তিনি তারুণ্যের উৎসব বিষয়ে ফিচার ও নিবন্ধ লেখার জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এই প্রশিক্ষণে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল, উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯