1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতের আশঙ্কা, ৫০০ ফ্লাইট বাতিল | টাইমস নিউজ ৭১
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতের আশঙ্কা, ৫০০ ফ্লাইট বাতিল

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন ‘নং-১৩’ আঘাত হানার আশঙ্কায় প্রায় ২ লাখ ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ক্যাটাগরি-১-এর এই টাইফুনটির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৪৪ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এটি কিউশু অঞ্চল ও ওকিনাওয়া প্রিফেকচারের মধ্যবর্তী দ্বীপমালার দিকে অগ্রসর হচ্ছে। টাইফুনের প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সাগরের আশঙ্কা করা হচ্ছে।

কাগোশিমা ও ওকিনাওয়া প্রিফেকচারের প্রায় ২ লাখ ৬০ হাজার বাসিন্দার জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে শুক্রবার দেশের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের নয়টি কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, টাইফুনটি ওকিনাওয়ার দিকে অগ্রসর হওয়ার সময়ও শক্তি ধরে রাখতে পারে। এর ফলে এমন তীব্র বাতাস বইতে পারে, যা ভবন ও অন্যান্য স্থাপনার ক্ষতি বা ধসের কারণ হতে পারে। একই সঙ্গে ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ বা সংকীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড় সৃষ্টি হয়ে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াতে পারে।

এদিকে বড় আকারের এই ঝড়ের প্রভাব ইতোমধ্যে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর বিস্তীর্ণ এলাকায় পড়তে শুরু করেছে। বিশেষ করে কুমামোতো প্রিফেকচার এখনো গত সপ্তাহের ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। ভূমিকম্পে বহু বাড়িঘর ধসে পড়ার পরও প্রায় ৬ হাজার ৭০০ মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এর পাশাপাশি কিছু এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে হিটস্ট্রোকের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে জাপান আবহাওয়া সংস্থা।

সূত্র: জাপান টুডে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71