
নিজস্ব প্রতিবেদক:-
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে অভিযোগ করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় রাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী যদি দ্বৈত নাগরিকত্ব বহাল রাখেন, তাহলে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাতে পারেন—এ যুক্তিতে তার মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে। আদালতের সিদ্ধান্তের ওপর নাহিদ ইসলামের প্রার্থিতার ভবিষ্যৎ নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।