টাইমসনিউজ ডেস্ক
সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন।
সুশৃঙ্খল আনসার বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এ অবস্থা চলতে থাকলে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও জানিয়েছে। এ ছাড়া সাধারণ আনসার সদস্যকে নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে।
সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়া পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে ৭ কার্যদিবসের মধ্যে পেশ করবে। এরপর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনে রাখা দরকার, আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ কারও করা উচিত হবে না। এ পরিপ্রেক্ষিতে সব সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে কাজে যোগদানের আহ্বান জানানো হচ্ছে।
প্রসঙ্গত, আমাদের গোচরীভূত হয়েছে যে মুষ্টিমেয় উসকানিদাতা এ সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯