টাইমসনিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহানবী (স.) সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধ ক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। নারীদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবো না। তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবে।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বেরুতে দেওয়া হবে না। কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। মা-বোনরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।
জামায়াতে আমীর বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। তিনি বলেন, মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।
আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতি যাদের দায়বদ্ধতা নেই তারা যেকোন সময় দেশকে খোদা হাফেজ বলতে পারে। আমরা বলবো না। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই উল্লেখ করে তিনি আরো বলেন, এই দেশে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, এই দেশকে দুনিয়ার শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯