
নিজস্ব প্রতিবেদক:
সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির দাবি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান স্মারক বই ও আর্কাইভ উন্মোচনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা করেন, তাদের দাবির পেছনে দেশে জাতীয় নির্বাচন ব্যাহত বা পেছানোর ভিন্ন উদ্দেশ্য আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন জটিল প্রক্রিয়া। এ পদ্ধতিতে জনগণ জানবে না তাদের এমপি কে, কীভাবে হলো। এলাকার উন্নয়নের জন্য তারা কার কাছে দাবি করবে?’
সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান বিষয় মন্তব্য করে তিনি জানান, আগামী সংসদের সদস্যদের সংবিধান সংস্কারের অধিকার আছে। সংবিধান ধর্মগ্রন্থ না, যা একবারেই ঠিক করে ফেলতে হবে।
আওয়ামী লীগ সরকারের সংবিধান সংস্কারের উদাহরণ টেনে তিনি জানান, একবারে কোনো সংবিধান সংশোধন করা যায় না। প্রতিটি সংসদের, সে সময়ের পরিস্থিতি বিবেচনা করে সংশোধন করতে হয়।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না।
একই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও একই দাবি তোলেন। তিনি জানান, আনুপাতিক হারে নির্বাচনের জন্য কয়েকটি দল ছাড়া সবাই একমত।
সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘তাহলে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। ইসলামপন্থিদের ঐক্যের বিষয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি এখনও পরিবর্তন হয় নি।’
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯