টাইমসনিউজ ডেস্ক
পুলিশের কাজের উদ্যম বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।
উপদেষ্টা আজ কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং কারাগারের জরুরিসেবা (হটলাইন) উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, পুলিশের জনবল স্বল্পতা নেই। জুলাই বিপ্লবের পর নানা কারণে তাদের কাজের উদ্যমে কিছুটা ভাটা পড়েছিলো। সেজন্য পুলিশের কাজের গতি ও উদ্যম বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে।
কারাগারের জরুরিসেবা (হটলাইন) নম্বর ‘০৯৬১২০২১৬৯০’ চালু হওয়া প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেন, এখন থেকে এ জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে। বন্দির স্বজনরা এ হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন। তিনি বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের এ জরুরিসেবা সার্ভিসে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উপদেষ্টা আরো বলেন, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে এখনো ৭০০ আসামি পলাতক রয়েছে। তাদেরকে এখনও ধরা যায়নি। আর বাকি পলাতকদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি যেভাবেই হোক ছিনতাই-চাঁদাবাজি কমিয়ে আনার জন্য।
উপদেষ্টা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অবস্থিত কারা হাসপাতাল, লাইব্রেরি, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের ভবনসহ কয়েদি ও হাজতিদের ভবন, কারা মনন চর্চা কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, কেন্দ্রীয় কারা মক্তব, কারুপণ্য উৎপাদনকেন্দ্র, কুক হাউস, ফাঁসির মঞ্চ, কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র, বই বিতরণকেন্দ্র, দর্শনার্থী সাক্ষাৎ ভবন ও কারা ক্যান্টিনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
উপদেষ্টা পরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্পের কাজ চলতি বছরের জুনে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে এটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে না বলে মনে হচ্ছে। সেজন্য আমি প্রকল্প সংশ্লিষ্টদের তাগাদা দিয়েছি।
পরিদর্শনকালে তিনি কারা অভ্যন্তরে ভেষজ বৃক্ষ হরিতকী গাছের চারা রোপণ করেন। এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯