নিজস্ব প্রতিবেদক:-
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে, সেখানে কয়েকটি দলের প্রতীক আগে রাখা ‘উদ্দেশ্যমূলক’ অভিযোগ করে বিএনপি বলেছে, এতে কিছু রাজনৈতিক দলকে বাড়তি ‘সুবিধা’ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বৈঠকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দলটি অভিযোগ করেছে, প্রতীক রাখার ক্ষেত্রে দলটির প্রতীক এমনভাবে রাখা হয়েছে, যাতে ‘নজরেই’ না আসে।
মঙ্গলবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই অভিযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, “আমরা বলেছি যে পোস্টাল ব্যালটে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক ভাই-বোনেরা তারা ভোটার হয়েছেন এবং তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন।
“তাদের কাছে যে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেই ব্যালট পেপারে… কেউ মনে করতে পারেন ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব ‘উদ্দেশ্যমূলকভাবে’ দেশের কয়েকটি রাজনৈতিক দল, তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে। অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা-এটা ভালো করে ‘নজরেই পড়বে না’।”
এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা এ নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে। তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই এবং ‘অ্যালফাবেটিক্যালি’ ঠিক আছে কি না, এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল।
“কিন্তু আমরা তাদেরকে বলেছি যে আপনারা এখানে পাঁচটা কলাম করেছেন এবং ১৪টা লাইন করেছেন যার ফলে তিনটি রাজনৈতিক দল বিশেষ রাজনৈতিক দল তাদের নাম ও প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে। এটা যদি ৫টা না হয়ে ৬টা কলাম হতো বা ৪টা কলাম হতো, ১৪টার জায়গায় যদি ১২টা বা ১৬টা লাইন হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা এভাবে সাজানোর সুযোগ ছিল না। কাজেই ব্যাপারটা ‘ইচ্ছাকৃতভাবেই’ করা হয়েছে এবং আপনার হয়তো নজরে পড়ে নাই, কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো ‘উদ্দেশ্য’ নিয়ে করেছে।”
প্রবাস থেকে ভোট দিতে এবারই প্রথম মোবাইল অ্যাপে নিবন্ধন সারা হয়েছে, যাতে সাড়া দিয়েছেন সাড়ে সাত লাখের বেশি বাংলাদেশি।
প্রবাস জীবনে সোয়া কোটিরও বেশি বাংলাদেশি রয়েছেন, সেই হিসাবে নিবন্ধিত বাংলাদেশি ভোটারের হার ৬ শতাংশের বেশি।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন সেরেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
নিবন্ধিত প্রবাসীদের কাছে ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছে পোস্টাল ব্যালট। আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯