
টাইমসনিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আরও দুজন। তাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেভাবেই তাঁদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তাঁরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার পদমর্যাদায় একজন বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক), একজন বিশেষ দূত (আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত) এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) রয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজন বিশেষ সহকারী ছিলেন। তাঁরা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বিশেষ সহকারী করা হয়েছে।