পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে জর্ডানের দিকে ঠেলে দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচনা করা হবে বলে ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।
গত ৫ সেপ্টেম্বর, বুধবার রাজধানী আম্মানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সাফাদি অভিযোগ করেন, ‘অধিকৃত পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষ আরেকটি যুদ্ধ করার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, ‘গত ২৮ আগস্ট থেকে এই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরাও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সামনে জোরালো ভাষায় সাফাদি বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার সমগ্র অঞ্চলের পরিস্থিতি বিস্ফোরণের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের কর্মকাণ্ড ন্যায়সঙ্গত শান্তি অর্জনের সমস্ত সুযোগ নষ্ট করছে।
পরিস্থিতির অবনতি রোধে ইসরায়েলকে গাজার উপর আগ্রাসন এবং পশ্চিম তীরে উত্তেজনা বন্ধের আহ্বান জানান সাফাদি। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করার যেকোনো পদক্ষেপকে জর্ডানের পক্ষ থেকে প্রত্যাহত করার কথাও স্পষ্ট করে দেন। এই ক্ষেত্রে রাজনৈতিক ও নিরাপত্তা - উভয় দিক বিবেচনায় নিরপেক্ষ ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী।
গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে সাফাদি জার্মানির কাছে দেশটির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানান।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরা।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯