
টাইমসনিউজ ডেস্ক:
বন্দর থেকে কোনো আমদানিকারক নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, রমজানে ভোজ্যতেলের কিছুটা সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে।
রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ে বাজারে। পেঁয়াজ, আলুসহ বেশ কয়েকটি পণ্যের দামে বাজারে স্বস্তি এলেও এখনো চড়া কয়েকটি পণ্যের দাম।
নৌ উপদেষ্টা জানান, যথেষ্ট পরিমাণে নিত্যপণ্য আমদানি হয়েছে। বাজারে ভোজ্যতেলের সংকটের কথা স্বীকার করে তিনি জানান, তেলের সংকট থাকলেও শাক-সবজির দাম স্থিতিশীল আছে।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শাক-সবজির দাম বরং যা ছিল তাই আছে। পত্রিকায় দেখলাম ভোজ্য তেলের দাম… কিছু কিছু লুকিয়েছে। এটা ডেফিনেটলি সরকার দেখছে। অনেক আগে থেকে এবার নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে। সাপ্লাইতে যতটুকু আমি জানি, বন্দরের খবর থেকে বলছি কোনো ঘাটতি নেই।’
এসময় পণ্য আটকে রেখে কৃত্রিম সংকটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জানান, নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস না করলে তিনগুণ জরিমানা গুনতে হবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘যাতে কেউ ওখানে স্কোর করতে না পারে। এটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে। পোর্টে নামলেই তিনদিন ফ্রি, চতুর্থ দিনেই পণ্য নিতে হবে। যদি না নেয় প্রতিদিন ৪৮ ডলার দিতে হবে।’
অসৎ আমদানিকারকদের বিরুদ্ধে নৌপরিবহন উপদেষ্টার এ হুঁশিয়ারি বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়ক হবে মনে করছেন সংশ্লিষ্টরা।