টাইমসনিউজ ডেস্ক
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের পর উপদেষ্টা একথা বলেন। এসময় শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের হেলথ কেয়ার প্রজেক্ট কনসালটেন্ট ডা. রেহানা খানমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদল বন্যায় অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৬ জনের চিকিৎসার খোঁজখবর নেন উপদেষ্টা। পরে বন্যার কারণে অসুস্থদের খোঁজখবর নেন তিনি।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিজ উদ্যোগ ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এস এস গ্রুপ ও অন্যান্য সংগঠনের সহায়তায় বন্যার্তদের মাঝে প্রায় ৭০ হাজার পিস ঔষধ এবং পাউডার দুধ, চকোলেট, ম্যাংগো বার, বিস্কুট, চিপস, ও চানাচুরের ১০০০ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনাক্যাম্পের লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমতুল্লাহ, সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহেদা বেগম-সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯