নিজস্ব প্রতিবেদক:
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। সোমবার দুপুরে দূতাবাসের ভেরিফাইড ফেসবুকর ও এক্স হ্যান্ডলে এক বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সোমবার দিনব্যাপী বিক্ষোভ হতে পারে। গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে বিক্ষোভে এবং প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্ভাব্য যানজট ও দূতাবাসের সামনে সমাবেশের কারণে সোমবার মার্কিন দূতাবাসের সেবা কার্যক্রম সীমিত থাকবে।
মার্কিন নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বার্তায় বলা হয়, মনে রাখা উচিত, শান্তিপূর্ণ এ বিক্ষোভগুলো সংঘর্ষে রূপ নিতে পারে। সহিংসতায় গড়াতে পারে। মার্কিন নাগরিকদের এ সব বিক্ষোভ এড়িয়ে চলা উচিত। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।
এছাড়াও মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা এবং স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে দূতাবাস।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯