টাইমস নিউজ৭১
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সার্বিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের মাধ্যমে ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকে অগ্রাধিকারভিত্তিক যেসব খাতে ঋণ দেওয়া হয় সেগুলো বন্ধ করতে বলেছে। আমানতকারীদের অর্থের নিরাপত্তার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে যে নগদ অর্থ জমা রাখে (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) সে হার বাড়ানোর প্রস্তাব করেছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের সুপারিশ করেছে। ডলারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে এর দর নির্ধারণ করার কথাও সংস্থাটি জোর দিয়ে বলেছে।
শুক্রবার রাতে আইএমএফের প্রকাশিত ‘বাংলাদেশ : প্রযুক্তিগত সহায়তা প্রতিবেদন-সুদের হারের করিডর গ্রহণ’ শীর্ষক প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি মিশন গত বছরের ৫ থেকে ১৭ জুলাই বাংলাদেশ সফর করে গেছে। তারা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও আইনি কাঠামো পর্যালোচনা করেছে। এর ভিত্তিতে তারা তৈরি করেছে প্রতিবেদনটি।
এর আগে গত বৃহস্পতিবার আইএমএফ বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তির অর্থ বাবদ ১১৪ কোটি ৭০ লাখ ডলার ছাড় করেছে। আগামী নভেম্বরে আইএমএফের আরেকটি মিশন আসবে ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের শর্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করতে। মূল্যায়ন ইতিবাচক হলে আগামী ডিসেম্বরে পাওয়া যাবে চতুর্থ কিস্তির অর্থ। এজন্য ডিসেম্বরের মধ্যেই ওইসব শর্ত বাস্তবায়ন করতে হবে।
প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক খাত, বৈদেশিক মুদ্রা বাজার ও স্থানীয় মুদ্রা বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার পাশাপাশি মুদ্রানীতির বিষয়ে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯