1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৮তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটি উদ্‌যাপনের প্রাক্কালে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবার এবং অটিজম বিষয়ে কর্মরত ব্যক্তি ও সরকারি-বেসরকারি সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যার শিকার।

প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার বিকল্প নেই। এ প্রেক্ষাপটে দিবসটির এবছরের প্রতিপাদ্য- ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্নায়ু বিকাশজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিবর্গ যেন সমাজে ও প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রকার বৈষম্যের শিকার না হন তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের চলমান কার্যক্রম জোরদারের পাশাপাশি আরো বেশি প্রযুক্তিবান্ধব কার্যক্রম গ্রহণে আমি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই।

আমার বিশ্বাস, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।
আমি ১৮তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71