টাইমসনিউজ ডেস্ক
পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুড়িগঙ্গা ও তুরাগ নদী এবং নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর কি ক্ষতি হয় সেটি নিয়ে গবেষণা করার জন্য নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আজ ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় তিনি নদী গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের নদ-নদীর ডিসপ্লে বোর্ড, টাইডাল মডেল শেড, কংক্রিট ল্যাব, স্টোন গ্রেডেশন টেস্ট রুম ও মুহুরী- কহুয়া ফিজিক্যাল মডেলিং রিহ্যাবিলিটেশন সাইট ঘুরে দেখেন।
মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, নদী ও তৎসম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নদী গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। নদী গবেষণা ইনস্টিটিউটের শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য পানি সম্পদ উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া নদী গবেষণা ইনস্টিটিউটের জরাজীর্ণ ল্যাবরেটরি ভবনের স্থানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
এ সময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ,কে,এম তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্ল্যা, পুলিশ সুপার আবদুল জলিল-সহ নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে উপদেষ্টা নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের ৫৫তম সভায় অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯