
টাইমস নিউজ ডেস্ক:-
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করেছেন ডেভিড ওয়ার্নার। এ কারণে সিডনি থান্ডারে তার নেতৃত্ব পড়ে গেছে শঙ্কায়।
বুধবার ওয়েভারলি স্থানীয় আদালতে হাজির হতে হয়নি ওয়ার্নারকে। কিন্তু তার আইনজীবী ববি হিল বলেছেন, ইস্টার সানডেতে মধ্যম মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অপরাধ স্বীকার করেছেন এই অজি ব্যাটার।
গত ৫ এপ্রিল সিডনির পূর্বে একটি রোডসাইড টেস্টে থামিয়ে ওয়ার্নারের অ্যালকোহল পরীক্ষা করা হয় এবং ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার তার পরীক্ষা করা হয়। ৩৯ বছর বয়সীর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪—যা আইনসম্মত নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি।
ববি হিল মে মাসের এক আদালত শুনানির পর জানিয়েছিলেন যে, এই ক্রিকেটার নিজের দায়িত্ব স্বীকার করেছেন এবং তার আচরণ যে ‘বোকা’ ও ‘বেপরোয়া’ ছিল তা অনুধাবন করেছেন।
মে মাসের শুনানিতে হিল জানান, ইস্টার সানডেতে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে বসে তিন গ্লাস ওয়াইন পানের পর ওয়ার্নার তার গাড়িতে ওঠেন। তার জানা ছিল, তিনি যা করেছেন তা ভুল ছিল। হিল বলেন, ‘তিনি স্বীকার করেছেন যে উবার না নিয়ে নিজের গাড়িতে চড়ে তিনি বেপরোয়া ও বোকার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন।’
আগামী ১৮ আগস্ট তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ওই দিন কমপক্ষে ৬ মাসের জন্য ওয়ার্নারের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হতে পারে, পাশাপাশি ২,২০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ ৯ মাসের কারাদণ্ড হতে পারে।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের কারণে আজীবন নেতৃত্বে নিষিদ্ধ হন ওয়ার্নার। কিন্তু ২০২৪ সালে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং সিডনির অধিনায়ক হন।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস এবং সিডনি থান্ডারের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯