ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মন্তব্য করায় ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ প্রতিক্রিয়া জানান।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে মন্তব্য করেছেন, তাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, আমরা তার নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য।’
ইরানকে নিজের দিকে তাকানোর পরামর্শ দিয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে বা পরামর্শ দিচ্ছে, তারা যেন অন্যদের উপদেশ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।’
গত সোমবার ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই বক্তব্যে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। পরে তাঁর বক্তব্যের কিছু অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বক্তব্যে খামেনিকে বলতে শোনা যায়, ‘মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিতে পারব না।’
তাঁর এ বক্তব্যের পরই মূলত দিল্লির পক্ষ থেকে নিন্দা জানানো হলো।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯