টাইমসনিউজ ডেস্ক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ,বীর প্রতীক বলেছেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এ দেশের মানুষকে প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। । তিনি বলেন, দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মাধ্যমে আমরা শুধু সচেতনতা বৃদ্ধি করি না, বরং নিজেদের প্রস্তুতিও বাড়াই।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ এর এবারের স্লোগান " দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি; বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর মধ্যেই আজকের দিবস উদ্যাপনের গুরুত্ব নিহিত। তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করাই দিবসটি পালনের লক্ষ্য। তিনি বলেন, কেবল মানবসম্পদ নয় , বরং দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যানবাহন ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং এসব যন্ত্র ব্যবহারের দক্ষ জনবলের প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা বলেন, আজকের এই দিনটি দেশকে নিরাপদ রাখার জন্য একটি অঙ্গীকারের দিন হোক। দুর্যোগের প্রস্তুতি এবং সহায়তা আমাদেরকে সুরক্ষিত ও সচেতন জাতি হিসেবে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে সহায়তা করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াদুদ ভূইয়া, ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোঃ আজাদ, সশস্ত্রবাহিনী বিভাগের প্রতিনিধি কর্নেল আবিদ, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক বক্তৃতা করেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯