
টাইমসনিউজ ডেস্ক:
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
মাদকের পাচার ও অপব্যবহার একটি বহুমুখী ও জটিল সমস্যা। আমাদের যুব সমাজের একটি উল্লেখযোগ্য অংশ আজ মাদকের কবলে পড়ে মেধা ও সৃজনশীলতা হারিয়ে ফেলছে। মাদকের অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য ও অর্থনীতিসহ জীবন ঘনিষ্ঠ বিভিন্ন উপাদান ও সূচকের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। বিঘ্নিত হচ্ছে দেশের শান্তি ও নিরাপত্তা।
বাংলাদেশে মাদকের বিস্তাররোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনকে সম্মিলিতভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। মাদক নির্মূলে গণসচেতনতা ও জনসম্পৃক্ততার প্রয়োজন রয়েছে। তাই জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আমি মাদক সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, চিকিৎসক, সমাজকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”