
নিজস্ব প্রতিবেদক:-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসায় এখন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জাতি গঠনের চ্যালেঞ্জ নিয়েই সরকার দায়িত্ব নিয়েছে এবং প্রধানমন্ত্রী ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে। আমরা গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। সরকারের সব কর্মকাণ্ডে গণতন্ত্রের প্রতিফলন থাকবে, বলেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়কে একটি ‘ডাইনামিক মিনিস্ট্রি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
মানুষের সমস্যা সমাধান, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিসভার বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান ও বিপ্লবের পরপরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। তবে অন্তর্বর্তী সরকারের পর একটি নির্বাচিত সরকার গঠিত হওয়াকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মহলে সাম্প্রতিক নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও তা সাধারণীকরণ করা ঠিক নয়।