
নিজস্ব প্রতিবেদক:-
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলাদেশের গর্বই নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে নজরুল গবেষণা ও সাংস্কৃতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১৮ জুলাই) রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, নজরুলের রচিত রণসঙ্গীত ‘চল চল চল’ বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়। তিনি জানান, ‘নজরুল ভিলেজ’-এর কাজ সম্পন্ন হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত শেষে মন্ত্রী ‘নজরুল ভিলেজ’ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হবে। প্রাঙ্গণটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সারা বছর ‘নজরুল ক্যালেন্ডার’ অনুযায়ী সাহিত্য, নাটক, গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হবে। নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সাহিত্য ও সংগীত ছড়িয়ে দিতে এখানে ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’ গড়ে তোলা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯