1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রুপালী ব্যাংক ডাকাতি করে ১৮ লাখ টাকা লুট করেন তিনজন: পুলিশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রুপালী ব্যাংক ডাকাতি করে ১৮ লাখ টাকা লুট করেন তিনজন: পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ডাকাতির চেষ্টার ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। তিনি বলেন, ‍বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক পিএলসির জিনজিরা শাখায় কিছু দুষ্কৃতকারীরা প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরবর্তী সময়ে তাঁরা ব্যাংকের কাউন্টার থেকে নগদ ১৫ লাখ টাকা লুট করে একটি ব্যাগে গচ্ছিত রাখেন। একই সঙ্গে আরও তিন লাখ টাকা তিনজনের প্যান্টের পকেটে রাখেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলেন। পরবর্তী সময়ে ঢাকা জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতকারীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাঁদের আত্মসমর্পণ করতে বলেন। এ সময় তাঁদের দাবি করা ১৫ লাখ টাকা ও তাঁদের নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। প্রায় চার ঘণ্টা পর তাঁরা আত্মসমপর্ণ করতে রাজি হন। পরে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন।

ব্যাংকে হানা দেওয়া তিনজনের একজন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের বাসিন্দা লিয়ন মোল্লা ওরফে নীরব (২২)। অন্য দুজনের বয়স ১৬ বছর। তাঁরা কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা। নীরব পেশায় একজন গাড়িচালক। অন্য দুজন শিক্ষার্থী। তাঁদের কাছ থেকে ব্যাংক থেকে লুট করা নগদ ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুলব্যাগ, তিনটি মাস্ক, তিন জোড়া হ্যান্ড গ্লাভস ও তিনটি কালো চশমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে এসপি আহম্মদ মুঈদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁরা বিদেশি বিভিন্ন সিনেমা ও সিরিজ দেখে অ্যাডভেঞ্চার (রোমাঞ্চকর) অভিজ্ঞতা নেওয়ার জন্য এ ঘটনা ঘটাতে পারেন। তবে তাঁদের দাবি করা কিডনিজনিত অসুখে মৃত্যুপথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ জোগাড়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71