স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করে পোশাকশিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের যৌথ অভিযান শুরুর নির্দেশনা দেন।
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কয়েকটি পক্ষ। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর শ্রমিকদের ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে সাভার, গাজীপুরসহ বেশকিছু এলাকায় কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন মালিকরা।
রাজনৈতিক পটপরিবর্তনের এমন সময়ে পোশাকশিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে আজ সোমবার রাত থেকে সেনাবাহিনী, পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের যৌথ অভিযান শুরু হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এমন তথ্য জানান।








