
টাইমসনিউজ ডেস্ক
সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার ও সংশোধনী আনার পরই সরকার নির্বাচনের কথা ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এই উপদেষ্টা আরও বলেন, আমরা মনে করছি, এই দু-তিন সপ্তাহ বসে না থেকে আমাদের হাতে যা আছে তা নিয়ে ওনারা শুরু করুক। এবং ওনারা কোথায় বসবেন এবং এটা যে মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক সহযোগিতা দেবে সেটা ঠিক হয়েছে। কোথায় বসবেন এটাও মোটামুটি একটা ধারণা আমরা করছি। আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিনের জন্য জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন। উনি আসার পরপরই কর্মপরিধি এবং অন্য কারা থাকবেন কমিশনে সেগুলো ঠিক হবে।
কমিশনগুলো কতদিনে প্রতিবেদন দেবে- এমন প্রশ্নে রিজওয়ানা বলেন, এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের একটা বড় পার্থক্য রয়েছে। এই সরকার একটা গণঅভ্যুত্থানের প্রতিফলন। সেই গণঅভ্যুত্থানে দুটি মূল শব্দ ছিল; যার একটি ‘বৈষম্যবিরোধী’, অন্যটি হচ্ছে ‘সংস্কার’। এটির উদ্দেশ্যই হচ্ছে দেশকে প্রকৃত গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারের সঙ্গে আমাদের ভিত্তিরই অনেক পার্থক্য আছে, তাই সেই সরকারের সঙ্গে আমাদের কর্মপরিকল্পনা, কর্মপরিধি এবং উদ্দেশ্যকে আমরা কোনোভাবে মিলিয়ে ফেলবো না।
তিনি বলেন, যে কমিশনগুলো হলো প্রাথমিকভাবে আমরা আশা করছি তারা তিনমাসের মধ্যে রিপোর্ট দিতে পারবেন। এগুলো আদৌ বাস্তবায়িত হবে কি না, সেটা নির্ভর করবে এগুলোর স্বপক্ষে আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারি কি না। এজন্য সংস্কার বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মতামত চাচ্ছি।