
টাইমসনিউজ ডেস্ক
বিশ্বে চলমান সব যুদ্ধ বন্ধ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার নির্বাচনে ২৭৭ ইলেকট্রোরাল ভোট পেয়ে নিজেকে জয়ী দাবি করে এই মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, আর কোনো যুদ্ধ হতে দেব না।
সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট বলছে, বুধবার ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে এ কথা বলেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, `আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাট) বলেছিল ‘সে একটি যুদ্ধ শুরু করবে’। আমি যুদ্ধ শুরু করতে যাচ্ছি না, আমি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’
এর আগে নির্বাচনী বিতর্কে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে বলেছিলেন, ‘আমি মনে করি এই যুদ্ধটি শেষ করা এবং এটি সম্পন্ন করা, একটি চুক্তি নিয়ে আলোচনা করা আমেরিকার সর্বোত্তম স্বার্থ।’
মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে ছিল রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধরত এই দেশ দুটো পর্যবেক্ষণ করেছে মূলত ট্রাম্প জেতেন কিনা সেটি দেখার জন্য। তিনি জিতে যাচ্ছেন, হয়তো ইউক্রেনে সহায়তা কমে যেতে পারে। তার প্রভাব পড়বে যুদ্ধে। বিশ্লেষকেরা এমনটাই বলছেন।