
নিজস্ব প্রতিবেদন:-
দেশে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৮ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতি ৫০০ থেকে ৬০০ নবজাতকের মধ্যে একজন ঠোঁট বা তালুকাটা সমস্যায় জন্মগ্রহণ করে। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ হাজার শিশু এ ধরনের জন্মগত ত্রুটির মুখোমুখি হয়। একটি সফল অস্ত্রোপচার শুধু একটি মুখ নয়, বরং একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে।
তিনি জানান, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং হাসপাতালের সব কার্যক্রম ডিজিটালাইজড করার পরিকল্পনাও রয়েছে।
উপদেষ্টা জন্মগত ত্রুটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের নতুন কল সেন্টারেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।