1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে---- নৌপরিবহন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে—- নৌপরিবহন উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন, নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে অত্যন্ত আনন্দ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এবারের পূজা উদ্‌যাপিত হচ্ছে। সরকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশ আনসারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

উপদেষ্টা আজ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল খেলার মাঠ সংলগ্ন পূজামণ্ডপ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পূজা মন্ডপ, বিজি প্রেস পূজামণ্ডপ-সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

দুর্গাপূজার আনন্দকে আরো বেশি আনন্দময় ও উৎসবমুখর করতে বর্তমান সরকার প্রথমবারের মতো ছুটি বৃদ্ধি করেছে বলে জানান উপদেষ্টা। এ সময় তিনি এবারের মতো আগামীতেও ছুটি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে কোনো ধর্মীয় বিভাজন নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের ছোট্ট একটি দেশ। আবহমানকাল ধরে আমরা সকলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছি। ছোটবেলার পূজার স্মৃতিচারণ করে তিনি বলেন, পূজার সময়ে সনাতন ধর্মাবলম্বী বন্ধু-বান্ধবীদের সাথে বিভিন্ন উৎসবে আনন্দ উদ্‌যাপন ছিল উৎসবমুখর কিন্তু দুঃখজনক হলেও সত্য সাম্প্রতিক সময়ে দুর্গা উৎসব উদ্‌যাপন নিয়ে রাজনৈতিক কারণে গুজব বা আতঙ্ক ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার এবার দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছে, যাতে কেউই এখানে নাশকতা করার সাহস না পায়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভূথ্যানের পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মর্মে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তবে সেটি শুধু হিন্দু ধর্মালম্বীদের উপরই নয়, মুসলমানদেরও বাড়ি ঘর ভেঙেছে। আসলে একটি অস্বাভাবিক ঘটনার প্রেক্ষিতেই এটি ঘটেছে। বিগত স্বৈরাচার সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রায় শত শত মানুষকে নির্বিচারে হত্যা করেছে। কে মুসলমান কে হিন্দু সেটি বিবেচনা করা হয়নি। তিনি আরও বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন ,বাংলাদেশ যেন কখনোই কেউ ধর্মীয় চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে এবং যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । দেশের সকল ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র সংস্কার তথা নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিসহ স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71