1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সৌদি আরবে আরো দক্ষকর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সৌদি আরবে আরো দক্ষকর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরো দক্ষকর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের রিয়াদে গতকাল সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ড. আসিফ নজরুল এ আহ্বান জানান।

ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা, সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগচুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন ড. আসিফ নজরুল।

সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও উপদেষ্টা তাঁর আগ্রহের কথা পুর্নব্যক্ত করেন। তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণকে সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুরোধ জানান যেন তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করতে পারেন।

উপদেষ্টা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মীদের প্রশিক্ষণের মেয়াদ হ্রাসকরণে প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন দেশের গৃহকর্মীদের জন্য প্রণিত সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আগ্রহ ব্যক্ত করেন। তিনি নারী গৃহকর্মীদের অত্যাধুনিক গৃহসরঞ্জামাদির ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণ প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, নারী গৃহকর্মীগণ সৌদি ভিসা পাওয়ার পূর্বেই এক মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করবেন এবং ভিসা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদেরকে সৌদি আরবে প্রেরণ করা হবে।

উপদেষ্টা এই বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে বাংলাদেশি অনিয়মিত কর্মীদের সুনির্দিষ্ট সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিশ্রুত ওয়ার্কিং টিম গঠন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া, সর্বশেষ ফরেন অফিস কনসালটেশনসের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে অবৈধ শ্রমিক সমস্যা সমাধান এবং কর্মী নিয়োগ সংক্রান্ত অনিয়ম দূর করতে ইতোমধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে। উক্ত টাস্কফোর্স এবং ওয়ার্কিং টিম সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপদেষ্টা আশা করেন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল গতকাল রাজধানী রিয়াদের কিংডম টাওয়ারে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে প্যানেল আলোচক হিসাবে অংশগ্রহণ করেন। তিনি উন্নয়নশীল দেশে সম্পদ, দক্ষ জনবল ও উন্নত প্রযুক্তির সীমাবদ্ধতা এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের অভাব, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত আইন বাস্তবায়নে প্রভাবশালী ব্যক্তি বা মহলের অনীহা এবং আইন বাস্তবায়নের দুর্বলতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তিনি বিশ্বব্যাপী অনিবন্ধিত ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি হ্রাসে আইএলওসহ আন্তর্জাতিক সংস্থা ও উন্নত বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। তিনি টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা আগামী ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম যৌথ কমিশন এবং ৫ম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে সৌদি মন্ত্রীকে অবহিত করেন এবং তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি ভাইস মিনিস্টারকে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলন আয়োজন এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

এছাড়াও জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল বক্করের সাথে অপর একটি সাইডলাইন বৈঠকে জর্ডানে মহিলা কর্মীদের পাশাপাশি কৃষি, পর্যটন ও নির্মাণখাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ এবং দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় পক্ষ সম্মত হন।

উপদেষ্টা ড. আসিফ নজরুল ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সাথে অপর একটি বৈঠকে ওআইসিভুক্ত মুসলিম ভ্রাতৃপ্রতীম দেশের শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71