টাইমসনিউজ ডেস্ক
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, ভলকার তুর্ক সফরকালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধানের বাংলাদেশ সফরে ঢাকায় মানবাধিকার কার্যালয় স্থাপনসহ মানবাধিকার খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। গত জুলাই থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জবাবদিহির প্রশ্নে সরব ছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের একটি দল অভিযোগ তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯