1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পবিত্র আশুরা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পবিত্র আশুরা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ জুলাই পবিত্র আশুরা উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“পবিত্র আশুরা বিশ্বের মুসলিম উম্মা’র নিকট অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। হিজরি ৬১ সালের ১০ মহরম ষড়যন্ত্রকারী ও বর্বর ইয়াজিদ বাহিনীর হাতে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) সপরিবারে মর্মান্তিকভাবে শাহাদতবরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে এই মর্মন্তুদ বিয়োগাত্মক ঘটনা ছাড়াও হিজরি সালের মহরম মাসের ১০ তারিখ নানা কারণে ভাবগাম্ভীর্যপূর্ণ। শোকাবহ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের মুসলিম উম্মা’র প্রতি আমার আন্তরিক শুভকামনা জানাই এবং অশুভ শক্তি থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করি।
শান্তির ধর্ম ইসলাম সব সময় সম্প্রীতির বাণী প্রচার করে। মহানবী (সা.) তাঁর বিদায় হজের ভাষণে বলেছিলেন, ‘হে লোক সকল, আল্লাহ্ বলেছেন-হে মানবজাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, নিশ্চয় আল্লাহর কাছে সেই সৰ্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার। (সুরা ৪৯, হুজুরাত, আয়াত ১৩)।”
আমিরে মুয়াবিয়া (রা.) এর মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য গভীর ষড়যন্ত্র ও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছিল। চক্রান্তের অংশ হিসেবে মহানবী হজরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হাসান (রা.) কে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পরিবার-পরিজন ও ৭২ জন সঙ্গীসহ মহানবী (সা.) এর আরেক দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) পবিত্র আশুরার দিন শাহাদতবরণ করেছিলেন। এমন নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড ইতিহাসে বিরল। অসহায় নারী ও শিশুদের পানি পর্যন্ত পান করতে দেয়নি ইয়াজিদ বাহিনী। বিষাক্ত তীরের আঘাতে নিজের কোলে থাকা শিশুপুত্রের মৃত্যুর পর আহতাবস্থায় অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শহিদ হয়েছিলেন হজরত ইমাম হুসাইন (রা.)। কারবালার যুদ্ধে হজরত ইমাম হুসাইন (রা.) এর আপসহীন অবস্থান ও ত্যাগের শিক্ষা কালে কালে মানবজাতিকে পৃথিবী থেকে জুলুম, অন্যায় ও অবিচার দূর করতে শক্তি ও সাহস যোগাবে।
বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) পবিত্র আশুরার দিনে রোজা রাখা সম্পর্কে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। এই দিনে তিনি নিজে রোজা রাখতেন এবং সাহাবিদের রোজা রাখার পরামর্শ দিতেন। মহান আল্লাহ এই দিনে সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন। আদি মানব হজরত আদম (আ.) এই দিনে পৃথিবীতে আগমন করেছেন, এই দিনই তাঁর তওবা কবুল করা হয়েছিল এবং এ দিনে তিনি স্ত্রী হাওয়া (আ.) এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেছিলেন। হজরত নুহ (আ.) এর নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। পবিত্র আশুরার দিনে অনেক নবী, রাসুল ও আল্লাহ’র প্রিয় বান্দাগণ তাঁর নৈকট্য ও সাহায্য লাভ করে কঠিন বিপদ-আপদ থেকে মুক্তি লাভ করেছেন। সে হিসেবে, আমি বিশ্বাস করি, এ দিনে বিশেষ নেক আমল মানবজাতির জন্য অনেক কল্যাণ বয়ে আনবে।
আসুন, আমরা সকলে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করি। যে যার অবস্থান থেকে কল্যাণকর কাজে অংশ নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ‘সোনার বাংলাদেশ’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিবেদিত হই।
আমি আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং ইসলামিক ফাউন্ডেশনসহ দেশে ও প্রবাসে পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71