
নিজস্ব প্রতিবেদক:-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী শক্তি ও স্বাধীনতাবিরোধীরা এখন ১৯৭১ সালের চেতনাকে খাটো করে দেখানোর পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনকে অতিরঞ্জিতভাবে তুলে ধরছে।
শনিবার (১ নভেম্বর) ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ১৯৭১ এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন সেই বছরটাকেই খাটো করে দেখাতে চায়। তারা কেবল জুলাই আন্দোলনকে বড় করে তুলে ধরতে চায়।
ফখরুল জানান, তিনি জুলাই আন্দোলন নিয়ে কোনো বিভাজন তৈরি করতে চান না, তবে ‘কিছু শক্তি ও কিছু ব্যক্তি ইচ্ছে করেই জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যেন ১৯৭১-এর গুরুত্ব মুছে দেওয়া যায়।’
বিএনপি মহাসচিবের ভাষ্য, তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা ১৯৭১ অস্বীকার করতে চায়, সেই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ঘোষণাকেও অস্বীকার করতে চায়, যা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন। আমি স্পষ্ট করে বলতে চাই, ১৯৭১-কে মুছে ফেলার কোনো উপায় নেই, কারণ সেটিই আমাদের জন্মপরিচয়।
ফখরুল আরও বলেন, ১৯৭১ শুধুমাত্র ইতিহাস নয়, এটি জাতির অস্তিত্ব, পরিচয় ও স্বকীয়তার প্রতীক। সেদিনের স্বাধীনতার ঘোষণাই আমাদের জাতি হিসেবে জন্ম দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে স্বাধীনতাবিরোধী শক্তির প্রভাব অনেক বেড়ে গেছে এবং সবাইকে তাদের অতীত ভূমিকা স্মরণ করিয়ে দেন। আমি কারও নাম নিচ্ছি না, কিন্তু মনে রাখবেন, আপনারা ১৯৭১-এ কী করেছিলেন। আপনারা তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন যারা আমাদের হত্যা করেছিল, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে গণকবরে ফেলেছিল। আমরা তা ভুলিনি।