রাজারবাগে হট্টগোল, সভা শেষ না করেই চলে গেলেন পুলিশপ্রধান
প্রকাশের সময় :
শনিবার, ১০ আগস্ট, ২০২৪
আন্দোলনরত পুলিশ সদস্যদের কাজে ফেরানোর জন্য রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজন করা হয় মতবিনিময় সভার। কিন্তু বিক্ষুব্ধ পুলিশ সদস্যদের হট্টগোলের মধ্যে সভা শেষ না করেই চলে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের। তবে তিনি যেতে পারেননি।
সভায় পুলিশ সদস্যরা দাবি-দাওয়া তুলে ধরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ছাড়াও মতবিনিময় সভায় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ডিএমপি কমিশনার মাইনুল হাসান উপস্থিত ছিলেন।আইজিপি কথা বলা শুরু করলে পুলিশ সদস্যরা হট্টগোল শুরু করেন। এ সময় উত্তেজিত পুলিশ সদস্যরা একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরে সভা শেষ না করেই আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে যান।শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে মতবিনিময় সভায় আন্দোলনরত পুলিশ সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলেন আইজিপি। তাদের দাবি-দাওয়া বিষয়ে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি নিয়ে রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সভার আহ্বান জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আন্দোলনরত পুলিশ সদস্যরা আইজিপির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।