
নিজস্ব প্রতিবেদক:-
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি এলাকায় দুজন পুরুষ এবং দুজন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ওই তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাঁদের বহিষ্কার করেন।