1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমাদের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আমাদের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতের পাটের চেয়ে বাংলাদেশে উৎপাদিত পাটের গুণগত মান অনেক উন্নত। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।

এ সময় ভারতের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান উন্নত কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, ‘আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণমান অনেক উন্নত হয়।’

এ সময় তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও জমিতে উৎপাদিত পাটের মান খতিয়ে দেখেন। তা ছাড়া স্থানীয় কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।

মন্ত্রী পাটের উপযুক্ত দাম না পাওয়া নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলেন। পাটের উপযুক্ত মূল্য কীভাবে পাওয়া যাবে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় ব-দ্বীপের উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়া ভাগ করে নেয়। তবুও কিছু নির্দিষ্ট কারণে বিশ্ববাজারে ভারতের বদলে বাংলাদেশের পাট অনেক উন্নত ও আদর্শ বলে বিবেচিত হয়।

মূলত ভারতে বাংলাদেশি পাটের ব্যাপক চাহিদা থাকলেও ভারতীয় কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে ভারত সরকারের বিভিন্ন বিধিনিষেধ ও অ্যান্টিডাম্পিং শুল্কের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের পাট বাণিজ্য বেশ কয়েক বছর ধরেই জটিল এবং সীমিত হয়ে পড়েছে।

এ দিন বাংলাদেশি পাটের আমদানি স্বাভাবিক করার বিষয়ে কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় মন্ত্রী। তবে তিনি বলেছেন, ভারতীয় পাট আধুনিক মেশিনে প্রক্রিয়াজাত করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71