1. admin@timesnews71.com : অ্যাডমিন :
হারিয়ে যাচ্ছে বাংলার চেনা বেতফল | টাইমস নিউজ ৭১
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

হারিয়ে যাচ্ছে বাংলার চেনা বেতফল

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

একসময় গ্রামবাংলার শিশু-কিশোরদের কাছে ‘বেতফল’ ছিল এক আকাঙ্ক্ষিত মৌসুমি ফল। কাঁটায় ভরা বেতঝোপে ঢুকে এই ফল সংগ্রহের স্মৃতি এখনও অনেকের শৈশবের অংশ। তবে সময়ের পরিবর্তনে দেশীয় এই ফল ও বেতগাছ এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দেশে বিদেশি ফল ও গাছের চাষ বাড়ার পাশাপাশি দেশীয় উদ্ভিদের প্রতি আগ্রহ কমে যাওয়ায় বেতসহ অনেক বন্য উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। অথচ গ্রামীণ জনপদ, আদিবাসী জনগোষ্ঠী এবং লোকজ চিকিৎসায় এখনও দেশীয় গাছপালার গুরুত্ব অপরিসীম।

বেত একটি কাঁটাযুক্ত, চিরসবুজ ও অরোহী পামজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ‘Calamus tenuis’ এবং এটি Arecaceae পরিবারের অন্তর্ভুক্ত। সাধারণত গ্রামের রাস্তার পাশে, বসতবাড়ির পেছনে, পতিত জমি, বনাঞ্চল ও আর্দ্র পরিবেশে বেতগাছ জন্মে। উপযুক্ত পরিবেশে এটি দ্রুত ঝোপে পরিণত হয়।

বেতগাছে ফুল ফোটার আগে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে, যা মৌমাছি, পিঁপড়া ও বিভিন্ন পোকামাকড়কে আকৃষ্ট করে। পরিপক্ব বেতফলের বাইরের শক্ত খোসা ছাড়িয়ে ভেতরের রসাল অংশ খাওয়া হয়। কষযুক্ত স্বাদের এই ফল গ্রামীণ শিশুদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। দেশের বিভিন্ন অঞ্চলে বেতের কচি কাণ্ডও সবজি হিসেবে খাওয়া হয়।

খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি বেতের অর্থনৈতিক গুরুত্বও অনেক। উন্নতমানের আসবাবপত্র, হস্তশিল্প ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী তৈরিতে বেতের ব্যাপক ব্যবহার রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় উদ্ভিদের ঐতিহ্য ধরে রাখতে বেতগাছ সংরক্ষণ ও পরিকল্পিতভাবে চাষের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71