
আলী আহসান রবি:-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (HSIA) বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাতসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের চেকপোস্ট এলাকায় একটি গাড়ি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। এ সময় গাড়িচালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
এ ছাড়া গাড়ি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স, একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এসব স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।
উদ্ধার করা সব পণ্যের তালিকা (ইনভেন্টরি) কাস্টমস হল এলাকায় প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।