1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সার্বভৌমত্ব রক্ষায় ‘সদা প্রস্তুত’ থাকার নির্দেশ সেনাপ্রধানের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় ‘সদা প্রস্তুত’ থাকার নির্দেশ সেনাপ্রধানের

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মঙ্গলবার চট্টগ্রাম সেনানিবাস এবং পাবর্ত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শনকালে সেনা সদস্যদের তিনি এই নির্দেশ দেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার চট্টগ্রাম সেনানিবাস এবং পাবর্ত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শনকালে সেনা সদস্যদের তিনি এই নির্দেশ দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরেছে।

আইএসপিআর বলেছে, সেনাপ্রধান ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া পরিদর্শনের সময় চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সব পদবির সেনাসদস্যের উদ্দেশ্যে দরবার নেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে তিনি আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনসহ বৃক্ষরোপণ করেন।

প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সব পদবির সেনা কর্মকর্তার উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতেই লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

“দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তার জন্য গর্বিত।”

দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীকে দেশ ও জনগণের আস্থার প্রতীক বলে বর্ণনা করে জেনারেল ওয়াকার-উজ-জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি সকলকে সততা, সত্য নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সেনাবাহিনী প্রধান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন সদর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্থিতিশীলতা বজায় রাখা, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদানসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্পে সেনাবাহিনী প্রধান আসার ঘটনা পার্বত্য চট্টগ্রামে মোতায়েনরত সেনাসদস্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল উঁচু করেছে বলে আইএসপিআর তুলে ধরেছে তাদের বিজ্ঞপ্তিতে।

সেনা ক্যাম্প পরিদর্শন ছাড়াও স্থানীয় প্রশাসনের পদস্থ অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71