
টাইমসনিউজ ডেস্ক
মধ্যপ্রদেশের ইন্দোরে আসন্ন নবরাত্রি উৎসব ঘিরে বিতর্কের ঝড় তুলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেলা সভাপতি চিন্টু ভার্মা। তিনি ঘোষণা দিয়েছেন, নবরাত্রির প্যান্ডেলে প্রবেশের আগে সকলকে গোমূত্র পান করতে হবে।
এক সংবাদ সম্মেলনে ভার্মা বলেন, ‘আসন্ন নবরাত্রি উৎসবের সময় প্যান্ডেলে প্রবেশের আগে আগ্রহীদের গোমূত্র পান করতে হবে।’
তার মতে, এই পদ্ধতি অ-হিন্দুদের উৎসবে অংশ নেওয়া থেকে বিরত রাখবে এবং একজন প্রকৃত হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এমন শর্ত প্রত্যাখ্যান করবেন না।
ভার্মার বক্তব্য তীব্র সমালোচনার ঝড় তুলেছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলো একে ‘রাজনৈতিক মেরুকরণের অপচেষ্টা’ বলে অভিহিত করেছে।
কংগ্রেস নেতা নীলাভ শুক্লা বলেন, ‘যখন দেশে বড় বড় সমস্যা রয়েছে, তখন বিজেপির মনোযোগ কেবল গোমূত্রের দিকে।’
তবে সমালোচনার জবাবে মঙ্গলবার ভার্মা দাবি করেন, ‘আমি শুদ্ধ উদ্দেশ্য নিয়ে আমার চিন্তাভাবনা প্রকাশ করেছি। কিন্তু কংগ্রেস এটিকে বিতর্কের বিষয়ে পরিণত করেছে।’