1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী থাকবে পূজামণ্ডপে --- উপদেষ্টা শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী থাকবে পূজামণ্ডপে — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মীবাহিনী ৩২ হাজার পূজামণ্ডপে আগামীকাল হতে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারীকে পূজামন্ডপ অনুসারে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোস্টার দায়িত্ব প্রদান করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া পুলিশের সাথে নাগরিক সমাজ বিপ্লবী ছাত্ররাও থাকবে বলে তিনি জানান।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনে উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ পূজামণ্ডপে দায়িত্বে থাকবেন।
উপদেষ্টা শারমীন বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বলে আর বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। আমরা পূজা মণ্ডপগুলো নজরদারি করবো, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নজরদারি করছে। কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারা দেশের পূজামন্ডপের মনিটরিং রিপোর্ট এই কট্রোলরুমে সরবরাহ করা হবে(কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর: ১০৯৮)। এছাড়া সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সদর কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার নির্দেশনা প্রদান করা হয়েছে, যা ৪ থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীর (সনাতন ধর্মের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত) পূজাকালীন ছুটি বাতিল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকা-সহ কিছু জায়গা পূজামণ্ডপে হামলা হয়েছে, যারা এর সাথে জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ডিসি নিয়োগে অনিয়ম প্রসঙ্গে বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের সত্যতা যাচাই করতে টেকনিক্যাল ইন্টিগ্রিটির আলোকে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ দরকার।
প্রেস ব্রিফিংয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) রেখা রানী বালো কথা বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71