1. admin@timesnews71.com : অ্যাডমিন :
স্বাস্থ্য সুরক্ষা আইন আগামী  সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে যাবার সম্ভাবনা রয়েছে - স্বাস্থ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

স্বাস্থ্য সুরক্ষা আইন আগামী  সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে যাবার সম্ভাবনা রয়েছে – স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আমরা আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে এটা ক্যাবিনেটে পাঠাতে পারব।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ড্রিমার,স কনসাল্টেশন এন্ড রিসার্চ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ‘দুইশততম মেডিকেল ক্যাম্প উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রসঙ্গে বলেন, আহতদের চিকিৎসা সহজ করতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। দেশের ডাক্তারদের পাশাপাশি আমরা ফ্রান্স, চীন থেকে ডাক্তার এনেছি। তারপর নেপাল থেকে চক্ষু চিকিৎসকরা এসেছে। তারা জানিয়েছেন আমাদের এখানে ডাক্তাররা যে চিকিৎসা সেবা দিয়েছেন সেটা যথাযথ হয়েছে। কিছু রোগীদের ব্যাপারে দেশে গিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলে তারা মতামত জানাবেন।
পা হারানোদের ব্যাপারে যুক্তরাজ্য, চীন ও ফ্রান্সের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমন একজনকে ব্যাংককে পাঠানো হয়েছে, যার চিকিৎসা ব্যয় প্রায় ২ কোটি টাকা। সিএমএইচএ আহত একজন আছেন। তার চিকিৎসার ব্যাপারে সিঙ্গাপুরের সাথে কথা হচ্ছে। খোকন নামের একজন বার্ন ইউনিটে আছেন যার মুখে গুলি লেগে গুরুতর আহত হয়েছে। তার চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়ার সাথে কথা হচ্ছে।  এরকম অনেককে আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে বিদেশে পাঠানোর চেষ্টা করছি। এছাড়া আমাদের সাথে ইউনিসেফ, বিশ্ব ব্যাংকের কথা হয়েছে। তারাও আমাদের সহযোগিতা করবে।
স্বাস্থ্য উপদেষ্টা অনুষ্ঠান আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে স্বাস্থ্য খাতকে আরো উন্নতি করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার, স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71