
টাইমসনিউজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থ বজায় রেখে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে।
উপদেষ্টা আজ রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিজিবিকে তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে হবে। তাদের পারফরম্যান্স আগের চেয়ে ভালো হয়েছে। সেজন্য সাধারণ জনগণ বিজিবির কর্মকাণ্ডে খুশি। তিনি এসময় বিজিবিকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, একটি সুশৃঙ্খল ও প্রশিক্ষিত বাহিনীর সদস্য হিসেবে বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ মানা যাবে না। আদেশের ক্ষেত্রে তা বৈধ ও আইনসঙ্গত কিনা সেটা বিবেক-বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। তিনি এসময় বিজিবি সদস্যদের নবোদ্যমে কাজ করার আহ্বান জানান।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে এর পুনঃতদন্ত অবশ্যই হবে এবং তা দ্রুত হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে খুব সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে আরো সময় লাগবে।
মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন